• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে হামলা, চিকিৎসাধীন মোকছেদুলের মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩৩ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

বগুড়ায় আমবাগান লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ফাঁকা গুলি ছুড়ে হামলার ঘটনায় গুরুতর আহত মো. মোকছেদুল হাসান (৩৮) মারা গেছেন। হামলার সাত দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।.

বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী।.

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বগুড়া শহরের মাটিডালী উত্তরপাড়ায় জারা কার হাউসের বিপরীতে বসে ছিলেন মোকছেদুল। এ সময় মোটরসাইকেল ও হাইস গাড়িতে করে ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে আসে। তাঁদের কয়েকজনের হাতে পিস্তল, রামদা ও হকিস্টিক ছিল বলে অভিযোগ রয়েছে। আতঙ্ক সৃষ্টি করে লোকজনকে সরিয়ে দিতে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে মোকছেদুলকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।.

গুরুতর আহত অবস্থায় মোকছেদুলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।.

মোকছেদুল সদর উপজেলার বারোপুর মৌজায় ন্যাশনাল ফ্যান কোম্পানির মালিকানাধীন ৩২ বিঘা আমবাগান লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার শিকার হন বলে জানা গেছে।.

এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর মোকছেদুলের মা মোছা. রেবেকা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ছায়াতদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. নাজমুল হুদা রাফিত (২১) ও মো. হাছান আকন্দকে (২৪) গ্রেপ্তার করা হয়।.

ঘটনাস্থল থেকে ৭ দশমিক ৬৫ এমএম বোরের পিস্তলের দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।.

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, হামলায় আহত মোকছেদুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ