• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় জন্মদিনের দাওয়াতে ডেকে পিস্তল-চাকু দেখিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩৪ এএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

 

বগুড়ায় জন্মদিনের দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে পিস্তল, ধারালো চাকু ও কুঠার দেখিয়ে মারধর এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় মো. গোলাম রব্বানী (২৬) বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।.

অভিযোগে গোলাম রব্বানী জানান, তিনি দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ এলাকার বাসিন্দা। পূর্বপরিচিত এক ব্যক্তির মাধ্যমে অভিযুক্তদের সঙ্গে তার পরিচয় হয়। গত ৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে অভিযুক্তদের একজনের স্ত্রী মোবাইল ফোনে তাকে জন্মদিনের দাওয়াত দেন। পরে তিনি বন্ধু মো. আল আমিনকে সঙ্গে নিয়ে বগুড়া সদর থানার জহুরুলনগর এলাকায় ওই বাড়িতে যান।.

অভিযোগ অনুযায়ী, সেখানে অভিযুক্ত তিনজনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। যাওয়ার ১৫ থেকে ২০ মিনিট পর অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ব্যাগ থেকে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য বের করে তাদের সেবনের জন্য চাপ দেন। তারা এতে অস্বীকৃতি জানালে গালিগালাজের পর দুজনকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।.

একপর্যায়ে একজন পিস্তল এবং আরেকজন ধারালো চাকু বের করে তাদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে অভিযোগ করেন গোলাম রব্বানী। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের পুনরায় মারধর করা হয়। এ সময় ইয়াবা, মদ, পিস্তল, চাকু ও কুঠার সামনে রেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।.

গোলাম রব্বানীর দাবি, পরে অভিযুক্তদের দেওয়া বিকাশ নম্বরে দুই লাখ টাকা পাঠানো হয়। এছাড়া মোবাইল ব্যাংকিং কার্ডের মাধ্যমে আরও এক লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। টাকা নেওয়ার পর তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।.

অভিযোগকারী জানান, ঘটনার পর আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছুটা সময় লেগেছে। তিনি ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।.

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানিয়েছেন, অভিযোগে উল্লিখিত ঘটনাগুলোর সত্যতা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.

নোট: অভিযোগের বিষয়গুলো তদন্তাধীন; অভিযোগের সত্যতা এখনো পুলিশি তদন্তে নিশ্চিত হয়নি।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ