বগুড়ার পাঁচবাড়িয়া ইলাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হলেও পুনরায় বিদ্যালয়ে ফেরার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাঁর ক্লাস বর্জন করে প্রতিবাদ জানায়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সহকারী শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে বিদ্যালয়ের অন্তত ১২ জন শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছে। এ ঘটনায় এক ভুক্তভোগী শিক্ষার্থী আদালতে মামলা দায়ের করলে বিষয়টি নিয়ে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে শোকজ নোটিশ প্রদান করে। অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশনা কার্যকর থাকা অবস্থায় অভিযুক্ত শিক্ষক প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন জমা দিয়ে পুনরায় কর্মস্থলে যোগদানের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা তাঁর ক্লাস বর্জন করে প্রতিবাদ জানায়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় ত্যাগ করেন বলে জানা গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও এক সহকারী শিক্ষিকাও শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে সহমত পোষণ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক শুরু থেকেই নমনীয় অবস্থান গ্রহণ করেছেন এবং অভিযুক্ত শিক্ষকের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন। যদিও এ বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিদ্যালয়ের সভাপতি জানিয়েছেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিভাবক ও সচেতন মহল দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন। তদন্ত ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে আইনগতভাবে দোষী বলা যাচ্ছে না।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: