বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. রানা মাসুদকে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৬ জুন জারি হওয়া আদেশে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মে আদমদীঘি উপজেলায় বসবাসরত রানা মাসুদের কন্যা তাসনিয়া রানা তামান্না প্রেমিক মো. শহিদ হোসেনের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজেদের ইচ্ছায় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দাবি করেন।এ ঘটনায় কন্যাকে ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে রানা মাসুদ দাবি করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু বক্তব্য ও পোস্টকে ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ফেসবুকে আদমদীঘি থানা ও পাঁচবিবি থানার কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন।তবে পুলিশ কনস্টেবল রানা মাসুদকে সাময়িক বরখাস্তের পেছনে সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে।এ ব্যাপারে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: