শেরপুরে বোনকে নিয়ে আপত্তিকর সম্পর্কের প্রস্তাব দেয়াকে কেন্দ্র করে বন্ধু আল-আমিনকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি শুভ ও তার সহযোগী সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করা হয়।বুধবার (২০ মে) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, নিহত আল-আমিনের ডিভোর্সি বোনের সঙ্গে শুভর প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে আল-আমিন শুভকে সম্পর্ক থেকে সরে আসতে চাপ দেন।পরে শুভ মোটরসাইকেলের গ্যারেজ দেয়ার জন্য আল-আমিনের কাছে এক লাখ টাকা ধার চাইলে, আল-আমিন পাল্টা শুভর বোনের সঙ্গে আপত্তিকর সম্পর্কের ইঙ্গিত দেন। এতে ক্ষুব্ধ হয়ে আল-আমিনকে হত্যার পরিকল্পনা করে শুভ।পরিকল্পনা অনুযায়ী, শুভ তার সহযোগী সম্রাটকে ১০ হাজার টাকার বিনিময়ে হত্যায় অংশ নিতে রাজি করায়। গত ১৩ মে দুপুরে তারা আল-আমিনকে মোটরসাইকেলে করে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামের একটি ঘাসক্ষেতে নিয়ে যায়।সেখানে মোবাইল ফোনে ব্যস্ত থাকার সুযোগে শুভ পেছন থেকে আল-আমিনের গলায় রশি পেঁচিয়ে ধরে এবং সম্রাট তাকে চেপে ধরে। পরে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায় তারা।গত ১৮ মে ওই ঘাসক্ষেত থেকে মাথাবিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা সাইফুল ইসলাম ছেলের পোশাক ও জুতা দেখে পরিচয় শনাক্ত করেন।এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তভার পায় পিবিআই। মঙ্গলবার (১৯ মে) বিকেলে শেরপুর ও জামালপুরে অভিযান চালিয়ে শুভ ও সম্রাটকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও রশি উদ্ধার করা হয়েছে।পরে আদালতে হাজির করা হলে প্রধান আসামি শুভ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে পিবিআই।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: