স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হিসেবে নাম আসার পর এই প্রথমবার ভিডিও বার্তায় মুখ খুলেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। সোমবার (২ মার্চ) প্রকাশিত ওই বার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং কেন তিনি জনসম্মুখে আসছেন না, সে বিষয়েও কথা বলেন।.
ভিডিও বার্তায় আলভী জানান, ব্যক্তিগত জীবনের এমন শোকাবহ ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলার ইচ্ছা তার কখনোই ছিল না। তিনি বলেন, প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে অযথা ব্যাখ্যা বা আলোচনায় যেতে চাননি তিনি। তার ভাষ্য অনুযায়ী, সংসারের বিষয় সবসময় ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছেন।.
ইকরার মৃত্যু তাকে গভীর মানসিক আঘাত দিয়েছে উল্লেখ করে আলভী বলেন, তিনি এখনো স্বাভাবিকভাবে কথা বলার অবস্থায় নেই। এ ঘটনায় তিনি ভীষণভাবে ভেঙে পড়েছেন বলেও দাবি করেন। তার মতে, অনেকেই ঘটনার একপাক্ষিক দিক শুনে মন্তব্য করছেন, কিন্তু পুরো বিষয়টি না জেনে বিচার করা ঠিক নয়।.
বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন জানিয়ে তিনি বলেন, দেশে ফিরলে গণপিটুনি কিংবা প্রাণনাশের আশঙ্কা রয়েছে। তার দাবি, নিয়মিত হুমকি পাচ্ছেন এবং বিমানবন্দরে নেমেই হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মোকাবিলা করবেন বলেও জানান।.
সবশেষে তিনি প্রশ্ন তোলেন, যদি দেশে ফিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে তার সন্তানের দায়িত্ব কে নেবে—এ আশঙ্কাই তাকে আপাতত দেশে ফিরতে নিরুৎসাহিত করছে।.
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: