যশোরের সাগরদাঁড়ি এলাকায় কপোতাক্ষ নদ তীরে অবস্থিত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বটগাছটি কালবৈশাখীর ঝড়ে উপড়ে গেছে। শনিবার (২ মে) দুপুরে প্রবল ঝড়-বৃষ্টি চলাকালে এই ঘটনা ঘটে।.
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেলে শুরু হয় তীব্র দমকা হাওয়া ও বৃষ্টি। এরই মধ্যে বহু বছরের পুরোনো বিশাল বটগাছটি উপড়ে পড়ে। গাছটি কবির বাড়ির পূর্ব পাশে নদীর তীরে অবস্থিত ছিল এবং এটি দীর্ঘদিন ধরে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত ছিল।.
প্রত্যক্ষদর্শী সুনীল হালদার জানান, এই বটগাছটি শুধুমাত্র একটি বৃক্ষ ছিল না—এটি ছিল এলাকার মানুষের আবেগ, ইতিহাস ও সাহিত্যিক স্মৃতির প্রতীক। গাছটি ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।.
গবেষক খসরু পারভেজ জানান, ১৮৬৫ সালে ফ্রান্সের ভার্সাই শহরে অবস্থানকালে মাইকেল মধুসূদন দত্ত তাঁর বিখ্যাত ‘বটবৃক্ষ’ কবিতাটি রচনা করেন, যা পরে ১৮৬৭ সালে ‘চতুর্দশপদী কবিতাবলি’ গ্রন্থে প্রকাশিত হয়। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে জড়িয়ে থাকা এই গাছটি হারিয়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।এদিকে দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী এই বটগাছ সংরক্ষণের দাবি উঠলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর স্থানীয়দের দাবি, দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে এমন অপূরণীয় ক্ষতি এড়ানো যায়।. .
Ajker Bogura / TMN
আপনার মতামত লিখুন: