• ঢাকা
  • বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শেরপুরে হত্যা মামলা প্রত্যাহারের চাপ, দেশত্যাগের হুমকিতে বাদী পরিবার আতঙ্কে


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩৬ পিএম
বগুড়ার শেরপুরে হত্যা মামলা প্রত্যাহারের চাপ, দেশত্যাগের হুমকিতে বাদী পরিবার আতঙ্কে

বগুড়ার শেরপুরে বৃদ্ধকে হত্যার মামলাটি তুলে নেওয়ার চাপ ও দেশত্যাগের হুমকিতে বাদী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো তাদের গ্রেফতার না করায় আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। এ অবস্থায় প্রতিপক্ষের হুমকি-ধামকি বন্ধ এবং আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী আলতাফ আলী।.

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী কলোনী এলাকার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আলতাফ আলী ও তার ভাতিজা আশরাফুল ইসলাম।.

লিখিত বক্তব্যে আলতাফ আলী জানান, তাদের পৈত্রিক ৮৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে একই এলাকার ভূমিদস্যু মো. নবাব আলী ও মোছা. মর্জিনা বেগমসহ কয়েকজন জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। বাধা দিতে গেলে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন (মামলা নং ৬০৯ সি/২০২৪)।.

তিনি বলেন, মামলার প্রধান সাক্ষী ছিলেন তার বড় ভাই মো. ইয়াকুব আলী। প্রতিপক্ষ বুঝতে পারে ইয়াকুব আলী আদালতে সত্য সাক্ষ্য দিলে তাদের সাজা নিশ্চিত হবে। তাই সাক্ষী কমিয়ে নিজেদের বাঁচাতে তারা তাকে হত্যার পরিকল্পনা করে।.

আলতাফ আলীর অভিযোগ, ২০২৪ সালের ৮ ডিসেম্বর সকাল সোয়া ৮টার দিকে ইয়াকুব আলী মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে নবাব আলী, মর্জিনা বেগম ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা পথরোধ করে অতর্কিত হামলা চালায়। ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বুকে ও পাঁজরে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করা হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে পরিবার শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করে (মামলা নং ১৫৮ সি/২০২৫)।.

তিনি আরও বলেন, আসামিরা ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বা হার্ট অ্যাটাক বলে প্রচারের চেষ্টা করলেও ময়নাতদন্ত রিপোর্টে হত্যাকাণ্ডের প্রমাণ মিলেছে। ফরেনসিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে, নিহতের বুকের বাম পাশে গুরুতর আঘাতের ফলে জমাট বাঁধা রক্ত পাওয়া গেছে এবং চিকিৎসকদের চূড়ান্ত মতামতে এটি স্পষ্ট হত্যাকাণ্ড।.

বাদীর অভিযোগ, হত্যা মামলার আসামিরা স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে এবং পরিবারকে দেশত্যাগের হুমকি দিচ্ছে। এতে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।.

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা এলে আসামিদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ