বগুড়া প্রতিনিধি:
গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়ার শহরতলীর নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকায় ছুরিকাঘাতে নিহত কিশোর মোঃ আলিফ হোসেন (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় এক অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের একটি বিশেষ টিম সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আলিফ হোসেন স্থানীয়ভাবে একজন কিশোর হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং অন্যান্য সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত সব অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।.
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: