• ঢাকা
  • বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া , মাদক কারবারি , ছুরিকাঘাত , মৃত্যু, অভিযুক্ত অনিক পলাতক


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
অভিযুক্ত অনিক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া | ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়া শহরে এক চিহ্নিত মাদক কারবারির ছুরিকাঘাতে গুরুতর আহত সুনীল বাঁশফোড় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সুনীল বাঁশফোড় বগুড়া শহরের সেউজগাড়ি সুইপার কলোনির বাসিন্দা সন্তোষ বাঁশফোড়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের স্টেশন রোড এলাকায় সেন্ট্রাল মসজিদের সামনে সুনীলের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত অনিক নামে এক ব্যক্তি সুনীলের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অনিক তার কাছে থাকা ছুরি দিয়ে সুনীলের পেটে ও ঊরুতে একাধিক আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুনীলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আনুমানিক ৯টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজফুজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি নিহতের বাবা সন্তোষ বাঁশফোড় বাদী হয়ে অভিযুক্ত অনিকের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
পুলিশ সূত্রে আরও জানা যায়, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।.

.

Ajker Bogura / Arifin

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ