বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮টায় এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, তিনি বলেন গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টায় উপজেলার ভবানীপুর ইউপির ভবানীপুর ঈদগাহ মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, শেরপুর উপজেলার মৃত আবু সামার ছেলে সবুজ (২৮), সিরাজগঞ্জ উপজেলার সলঙ্গা গ্রামের নজরুল সরকারের ছেলে রাসেল (২৬), একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে সোহেল রানা (২৬), রায়গঞ্জ এলাকার মৃত মনসুর আলীর ছেলে মান্নান (৫৬), মৃত সাহেব আলীর ছেলে সেলিম উদ্দিন (৫৫)। পুলিশ সূত্রে জানা যায়, ভবানীপুর-চান্দাইকোনা গামী পাকা রাস্তার পাশে ঈদগাহ মাঠের ভেতরে ১০-১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুব্রত কুমার সিং সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হলেও বাকিরা অন্ধকারে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ২৪ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত লোহার হাসুয়া, একটি ২০ ইঞ্চি লম্বা পুরাতন ব্যবহৃত করাত, দুটি দেশীয় ছুরি (১২.৫ ও ১২ ইঞ্চি), একটি ৯৮ ইঞ্চি লম্বা সাদা রঙের নাইলনের দড়ি, মুখোশ হিসেবে ব্যবহৃত কালো রঙের কাপড় সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, ধৃত আসামিরা পেশাদার ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
.
Ajker Bogura / আব্দুল ওয়াদুদ
আপনার মতামত লিখুন: