বগুড়ার আদমদীঘি উপজেলায় নেশার টাকা না পেয়ে মাজেদুল ইসলাম (২২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাজেদুল ইসলাম ওই গ্রামের ছামছুল হক ছামুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করতেন এবং তাদের বিরক্ত করতেন। এ নিয়ে পরিবারের সঙ্গে তার প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে স্থানীয়রা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার তিনি তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে আসেন। পরদিন শুক্রবার সন্ধ্যায় হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে নিজ বাড়ির একটি ঘরের তীরের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের স্ত্রীকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
স্থানীয়দের মতে, মাদকাসক্তির কারণে পারিবারিক অশান্তি ও মানসিক চাপ থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: