সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে তিনি মোট ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট, ফলে দুই প্রার্থীর ব্যবধান দাঁড়ায় ৯ হাজার ৫৮১ ভোট। ৫৯ বছর বয়সী আবুল হাসান জকিগঞ্জ উপজেলার মাঝরগ্রামে জন্মগ্রহণ করেন এবং দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন। ১৯৯৩ সাল থেকে শিক্ষকতা শুরু করে ২০০০ সাল থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। নির্বাচনে বিজয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, মহানবী (সা.) মিম্বর থেকেই রাষ্ট্র পরিচালনা করেছেন—সেই আদর্শ অনুসরণ করে তিনি মসজিদের মিম্বর থেকে সংসদে গিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চান। তিনি আরও জানান, জকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: