• ঢাকা
  • শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

পাথরঘাটায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, এলাকায় উত্তেজনা


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩১ পিএম
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রতিশোধমূলক সহিংসতায় মো. সুজন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুজন ওই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে তিনি একই এলাকার মন্টু মিয়ার ছোট ছেলে মো. কালু মিয়াকে (১৮) মারধর করেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছানো কালুর বড় ভাই রিয়াজকে কুপিয়ে গুরুতর আহত করেন এবং তার একটি হাত বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর স্থানীয়রা আহত রিয়াজকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উত্তেজিত জনতা সুজনের বাড়িতে হামলা চালায়। শুক্রবার সকালে তাকে ধরে এনে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.

.

Ajker Bogura / Samsil Arifin

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ