গোপালগঞ্জে একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে শিশুসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।.
আহতরা হলেন—কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩) নামে এক কিশোরী। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।.
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জহিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে দূর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে দুই আনসার সদস্য ও এক শিশু আহত হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।.
এদিকে, সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও দীর্ঘ লাইনেও দাঁড়াতে দেখা যায় ভোটারদের।.
নির্বাচন উপলক্ষে বুধবার দেশব্যাপী ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারারাত কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করে। এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে; প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত রয়েছে।.
মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন ও স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন—দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৫ জন, যার মধ্যে দলীয় ১ হাজার ৬৯২ জন ও স্বতন্ত্র ২৫৩ জন।. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: