• ঢাকা
  • শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

পাবনার আটঘরিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ, বিএনপি কার্যালয় ও আওয়ামী লীগ কর্মীর বাড়িতে হ


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১৪ পিএম
ছবি: সংগৃহীত

পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর একটি বাড়ি ও স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার মধ্যরাতে দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ খাঁ পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকের ভোটের জন্য কাজ করেন।
শ্রীকান্তপুর গ্রামে একটি ভোট কেন্দ্র রয়েছে, যেখানে ফলাফল ঘোষণার পর জামায়াতে ইসলামীর প্রার্থী পরাজিত হন। অভিযোগ অনুযায়ী, ওই ফলাফল প্রকাশের পর রাত আনুমানিক ১২টার দিকে পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলামের ভাতিজা পলাশের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল আব্দুল লতিফ খাঁর বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা বাড়িতে ঢুকে দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। একইসঙ্গে হামলাকারীরা স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়েও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলামের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল নির্বাচিত হয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব পরাজিত হন।.

.

Ajker Bogura / Samsil Arifin

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ