• ঢাকা
  • রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় শিক্ষার্থী সংকটে বন্ধের মুখে ৮ ডিপ্লোমা প্রতিষ্ঠান


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিক্ষার্থী সংকটের কারণে বগুড়ার ৮টি বেসরকারি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।.

বোর্ডের পাঠানো চিঠি অনুযায়ী, দীর্ঘদিন ধরে যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানের ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম বন্ধ করা হতে পারে। একই সঙ্গে তাদের পাঠদান অনুমোদন বাতিল বা প্রত্যাহারের বিষয়ও বিবেচনায় রয়েছে।.

বগুড়ার তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো—.

  • বনানী এলাকার বগুড়া টেকনোলজিক্যাল ইনস্টিটিউট
  • শিববাটি এলাকার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ
  • কানুছগাড়ী এলাকার বগুড়া ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • শিববাটি এলাকার একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ইনস্টিটিউট
  • শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার বগুড়া সেন্ট্রাল পলিটেকনিক ইনস্টিটিউট
  • শেরপুর উপজেলার শেরউড পলিটেকনিক ইনস্টিটিউট
  • শালফা এলাকার শালফা টেকনোলজিক্যাল ইনস্টিটিউট
  • খেঁজুরতলা মাল্টিপারপাস অ্যান্ড হায়ার পলিটেকনিক

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, শুধু বগুড়া নয়—উত্তরাঞ্চলের ১৪ জেলার মোট ৪০টি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রাজশাহী বিভাগের ৮ জেলার ৩৩টি এবং রংপুর বিভাগের ৬ জেলার ৭টি প্রতিষ্ঠান রয়েছে।.

এ ছাড়া সারা দেশের মোট ১৪৭টি বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।.

নীতিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান যদি ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা, যন্ত্রপাতি, লাইব্রেরিসহ অনুমোদনের শর্ত পূরণে ব্যর্থ হয়, তাহলে সরকারের অনুমোদনক্রমে কারিগরি শিক্ষা বোর্ড তাদের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ