বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।.
বগুড়ার শেরপুরে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি আরডিএর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।.
সরকারিকরণের উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী বরাবর একটি আধা-সরকারি পত্র (ডি.ও. লেটার) পাঠান। ওই চিঠিতে প্রতিষ্ঠানটি সরকারিকরণের জন্য আবেদন করা হয়।.
এর পরিপ্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিতে প্রতিষ্ঠানটির সরকারিকরণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।.
আরডিএ ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে বর্তমানে স্কুল ও কলেজ শাখায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কলেজ শাখা চালু হয় ২০০১ সালে। প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আরডিএর মহাপরিচালক।.
তবে সরকারিকরণের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্যতা যাচাই ও প্রশাসনিক কার্যক্রমের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতেই প্রতিষ্ঠানটির সরকারি মর্যাদা পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: