বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কমুক্তভাবে সম্পন্ন হয়, তবে ফলাফল মেনে নিতে দলের কোনো আপত্তি থাকবে না। তবে ভোট প্রক্রিয়ায় অনিয়ম, বিভ্রান্তি বা সহিংসতার ঘটনা ঘটলে তা গ্রহণযোগ্য হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।.
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে গুলশান মডেল স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করে রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তিনি।.
তারেক রহমান বলেন, “নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হলে সব দলই ফলাফল মেনে নেবে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেটি গ্রহণযোগ্য নয়।” তিনি দাবি করেন, কিছু জায়গায় ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা চলছে, যা নির্বাচন প্রক্রিয়ার জন্য শুভ নয়।.
তিনি আরও বলেন, দেশের মালিক জনগণ। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করলে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে। ভোটার উপস্থিতি যত বাড়বে, ততই নির্বাচন প্রক্রিয়া শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।.
বিচ্ছিন্ন সহিংসতা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের সম্পর্কে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে। এসব কর্মকাণ্ড কোনোভাবেই ইতিবাচক নয়।.
ভোটের ফল প্রকাশে বিলম্বের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ফল গণনায় দেরি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। জনগণ দ্রুত ফল জানতে চায় এবং নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।.
এ সময় ঢাকায় ভোটার উপস্থিতিকে সন্তোষজনক বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: