ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোট বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়। তবে নির্ধারিত সময়ের আগে যারা ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন, তাদের ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে গণনা কার্যক্রম। এখন সবার দৃষ্টি ফল ঘোষণার দিকে।.
সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া হয়। মোট ২৯৯টি সংসদীয় আসনে টানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হলেও শুরুতে উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়তে দেখা যায়। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।.
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।.
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ এবং ৩টি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।.
নির্বাচন উপলক্ষে সারা দেশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি এক লাখের বেশি সেনাসদস্য মোতায়েন ছিল নির্বাচনী নিরাপত্তায়।.
এখন কেন্দ্রভিত্তিক গণনা শেষে ধাপে ধাপে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: