• ঢাকা
  • বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটোয়ারীর ১৬ শতাংশ এগিয়ে থাকার ইঙ্গিত জনমত জরিপে


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এগিয়ে রয়েছেন বলে একটি জনমত জরিপে উঠে এসেছে। জরিপ অনুযায়ী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি ভোট পেতে পারেন।.

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ‘সোচ্চার’ দেশের ১৩টি সংসদীয় আসনের ওপর পরিচালিত জরিপের সংক্ষিপ্ত ফল প্রকাশ করে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। জরিপে ‘রিভিল্ড ভোট’ বা প্রকাশিত ভোটার মতামতের ভিত্তিতে এগিয়ে থাকা প্রার্থীদের অবস্থান তুলে ধরা হয়েছে।.

সোচ্চার জানিয়েছে, জরিপভুক্ত আসনগুলোতে এখনো উল্লেখযোগ্য সংখ্যক ভোটার সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছেন। ফলে চূড়ান্ত ফলাফলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রেই এই অনিশ্চিত ভোটাররাই শেষ পর্যন্ত বিজয়ী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।.

জরিপের তথ্যমতে, চট্টগ্রাম-১০ আসনে বিএনপি ৭ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। কুমিল্লা-৯ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে জামায়াত ৩ শতাংশ ভোটে সামান্য এগিয়ে। একই জেলার কুমিল্লা-১০ আসনে জামায়াত ৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে।.

ময়মনসিংহ-৯ এবং ঢাকা-১ আসনে বিএনপি প্রার্থীরা তুলনামূলক বড় ব্যবধানে এগিয়ে আছেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে। গাইবান্ধা-২ আসনে জামায়াতের শক্তিশালী অবস্থান দেখা গেছে, যেখানে দলটি ১৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে।.

ঢাকার বিভিন্ন আসনেও ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। ঢাকা-৮ আসনে এনসিপি ১৬ শতাংশ ভোটে এগিয়ে থাকলেও ঢাকা-১১ আসনে তারা ৪ দশমিক ৪ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। ঢাকা-১৩ আসনে বিএনপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে, যেখানে বিএনপি প্রার্থী ২ দশমিক ৮ শতাংশ ভোটে এগিয়ে। ঢাকা-১৫ আসনে জামায়াত ৯ দশমিক ৫ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। আর ঢাকা-১৭ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও বিএনপি এখানে ৩ শতাংশ ভোটে এগিয়ে।.

ঢাকার বাইরে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে এবং ২ দশমিক ৩ শতাংশ ভোটে এগিয়ে আছে। সিলেট-৬ আসনে ব্যবধান অত্যন্ত কম; সেখানে বিএনপি জামায়াতের চেয়ে মাত্র ০ দশমিক ৭ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে।.

সোচ্চার স্পষ্ট করেছে, এই জরিপ কোনো চূড়ান্ত পূর্বাভাস নয়। ভোটের শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণ এবং সিদ্ধান্তহীন ভোটারদের অবস্থানই শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে।. .

Ajker Bogura / Samsil Arifin

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ