যুদ্ধের পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় তেহরানের হামলা অব্যাহত থাকায় সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।.
.
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার আজ (৩ মার্চ) চতুর্থ দিন। হামলার প্রথম দিন শনিবারেই নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত নয়জন।.
যুদ্ধের পরিস্থিতিতে অনিশ্চয়তায় পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় তেহরানের হামলা অব্যাহত থাকায় সংঘাত ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।.
'ইসরায়েলের পক্ষ নিয়ে' ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: আরাগচি.
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে নয় বরং 'ইসরায়েলের পক্ষ নিয়ে' ইরানে হামলা শুরু করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি বক্তব্যের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।.
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, "মিস্টার রুবিও সেটাই স্বীকার করেছেন যা আমরা সবাই জানতাম: যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে একটি স্বপ্রণোদিত যুদ্ধে ('ওয়ার অফ চয়েস') জড়িয়েছে। ইরানের পক্ষ থেকে তথাকথিত কোনো 'হুমকি' কখনোই ছিল না।".
তিনি আরও বলেন, আমেরিকান এবং ইরানিদের এই রক্তক্ষরণের জন্য তারাই দায়ী যারা মার্কিন স্বার্থের চেয়ে ইসরায়েলের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। আরাগচির মতে, মার্কিন জনগণের আরও ভালো কিছু প্রাপ্য এবং তাদের উচিত নিজেদের দেশকে পুনরুদ্ধার করা।.
এর আগে মার্কো রুবিও সাংবাদিকদের জানিয়েছিলেন, ইসরায়েল ইরানে হামলা চালাতে যাচ্ছে সে বিষয়ে ওয়াশিংটন অবগত ছিল। ওই অঞ্চলে মার্কিন সম্পদ ও স্থাপনার ওপর ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র এই অভিযানে যোগ দেয় বলে তিনি উল্লেখ করেন।.
ইসরায়েলি বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর.
উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।.
গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ভোরে 'একঝাঁক ড্রোন' ব্যবহার করে তারা ওই ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।.
হিজবুল্লাহ আরও জানিয়েছে, লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের চালানো প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবেই তারা এই অভিযান পরিচালনা করেছে।.
বাহরাইনে মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের.
আজ সকালে বাহরাইনের শেখ ঈসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে 'ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা' চালানোর দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।.
আইআরজিসি জানিয়েছে, হামলায় তারা ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তাদের দাবি, এই আক্রমণে বিমানঘাঁটির প্রধান কমান্ড সেন্টার ও সদর দপ্তর ভবন ধ্বংস হয়েছে। পাশাপাশি ঘাঁটির জ্বালানি ট্যাংকেও আগুন ধরে গেছে বলে জানানো হয়।.
তবে এ বিষয়ে বাহরাইন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।.
লেবাননের ৫৯ এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের.
লেবাননের একাধিক এলাকার বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য 'জরুরি সতর্কতা' জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।.
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রায়ি দক্ষিণ লেবাননের অন্তত ৫০টি এলাকার একটি তালিকা প্রকাশ করেন। তিনি এসব এলাকাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে দাবি করেন, ওই অঞ্চলে 'হিজবুল্লাহর কার্যক্রম' রয়েছে।.
পোস্টে আদ্রায়ি লিখেছেন, "আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে। গ্রামগুলো থেকে অন্তত ১,০০০ মিটার (এক কিলোমিটার) দূরে কোনো খোলা জায়গায় অবস্থান নিন।".
তিনি আরও সতর্ক করে বলেন, "যারা হিজবুল্লাহর সদস্য, তাদের স্থাপনা বা যুদ্ধসরঞ্জামের কাছাকাছি অবস্থান করছেন, তারা নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন। নিজের এবং প্রিয়জনদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত ওই এলাকাগুলো ত্যাগ করুন।".
ট্রাম্প যুক্তরাষ্ট্রকে 'বহুবছরের যুদ্ধে' জড়াতে দেবেন না: জেডি ভ্যান্স.
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ডোনাল্ড ট্রাম্প 'অন্তহীন' বিদেশি যুদ্ধ এড়ানোর নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন—এমন অভিযোগ সঠিক নয়। সমালোচকদের এ দাবি তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।.
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স যুক্তি দেন, ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন।.
তিনি বলেন, "এবারের বিষয়টি আলাদা, কারণ প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন তিনি ঠিক কী অর্জন করতে চান। ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এই দেশকে এমন কোনো বহুবছরের দ্বন্দ্বে জড়াতে দেবেন না, যার কোনো স্পষ্ট সমাপ্তি বা নির্দিষ্ট উদ্দেশ্য নেই।".
ভ্যান্স জানান, এই অভিযানের মূল লক্ষ্য হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা।.
তিনি আরও বলেন, "সুনির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া প্রেসিডেন্ট দেশকে যুদ্ধে জড়াতে দেবেন না। এর অর্থ হলো, ইরাক ও আফগানিস্তানে আমরা যেসব সমস্যার মুখোমুখি হয়েছিলাম, সেগুলোতে আমরা আর পড়ব না।".
বিশ্বজুড়ে বাড়ছে তেল ও গ্যাসের দাম.
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় সোমবার বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বেড়েছে। তেল উৎপাদনকারী এই অঞ্চল থেকে সরবরাহ কমে যেতে পারে—এমন উদ্বেগ থেকেই বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।.
সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের [অপরিশোধিত তেল] দাম প্রায় ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৯ দশমিক ২৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে তেলের দাম বেড়েছে প্রায় ১ দশমিক ৫ শতাংশ।.
গত শনিবার ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকেই বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বাড়তে শুরু করে।.
জ্বালানি তেলের পাশাপাশি সোমবার প্রাকৃতিক গ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস রপ্তানিকারক প্রতিষ্ঠান 'কাতার এনার্জি' তাদের স্থাপনায় 'সামরিক হামলার' খবর নিশ্চিত করে উৎপাদন বন্ধ ঘোষণা করার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।.
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন.
স্পেন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে তাদের ভূখণ্ডে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র ব্যবহার করছে না এবং ভবিষ্যতেও করতে দেওয়া হবে না। মাদ্রিদ এই অভিযানের কঠোর নিন্দা জানিয়েছে।.
সোমবার স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, "আমার কাছে থাকা সমস্ত তথ্যের ভিত্তিতে আমি নিশ্চিত করছি যে, এই সামরিক অভিযানের জন্য ঘাঁটিগুলো ব্যবহার করা হচ্ছে না।".
গত শনিবার থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলাকে 'অযৌক্তিক' এবং আন্তর্জাতিক আইনের বাইরে একটি 'বিপজ্জনক সামরিক হস্তক্ষেপ' বলে নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।.
পাকিস্তানে সব ভিসা ইন্টারভিউ বাতিল করল যুক্তরাষ্ট্র.
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় 'নিরাপত্তা পরিস্থিতি'র কথা উল্লেখ করে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস সব ভিসা সাক্ষাৎকার বাতিলের ঘোষণা দিয়েছে।.
মার্কিন দূতাবাস জানিয়েছে, এই সিদ্ধান্ত ইসলামাবাদ দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচির কনস্যুলেটগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।.
বাতিলের সিদ্ধান্ত আগামী শুক্রবার, ৬ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।.
রোববার করাচি কনস্যুলেটে হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে ওই হামলার ঘটনা ঘটে।.
'এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়': নেতানিয়াহু.
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধই মধ্যপ্রাচ্যে 'শান্তির প্রবেশপথ' উন্মুক্ত করবে।.
অভিযানটি দ্রুত ও সহজ হবে এমন প্রতিশ্রুতি দিলেও, যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে—এমন আশঙ্কা তিনি উড়িয়ে দিয়েছেন।.
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, বর্তমান সংঘাত ইসরায়েল ও অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সুসম্পর্কের প্রসঙ্গ তুলে নেতানিয়াহু বলেন, "আমরা এর আগে 'আব্রাহাম অ্যাকর্ডস' [শান্তি চুক্তি] করেছি, যার মাধ্যমে চারটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়েছিল। এখন ইরানের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা আরও অনেক দেশের সঙ্গে শান্তি চুক্তি করতে পারব।".
সমালোচনার মুখে পড়লেও যুদ্ধের ফলাফল নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়; বরং এটি শান্তির প্রবেশপথ। মানুষ যা বলছে, বাস্তবে বিষয়টি তার ঠিক উল্টো।".
রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প.
রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা এবং ইরান সংঘাতে মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।.
নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে প্রতিষ্ঠানটির এক প্রতিবেদক এক্সে এ তথ্য জানান।.
প্রতিবেদক কেলি মেয়ার তার পোস্টে বলেন, "তিনি আমাকে বলেছেন, স্থলসেনা মোতায়েনের প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না।".
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দুটি ড্রোন রিয়াদে মার্কিন দূতাবাসে আঘাত হানে। এতে সীমিত পরিসরে আগুন লাগে এবং অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়।.
রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা.
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে আগুন লাগার খবর পাওয়া গেছে।.
ঘটনা সম্পর্কে অবগত তিনজন রয়টার্সকে জানান, মঙ্গলবার ভোরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দূতাবাসে আগুনের শিখা দেখা যায়। তাদের একজন বলেন, আগুনের "মাত্রা খুব বেশি ছিল না"।.
বিষয়টি নিশ্চিত করে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ড্রোন হামলায় মার্কিন দূতাবাসে "সীমিত" আকারে আগুন লাগে এবং অবকাঠামোর "সামান্য" ক্ষয়ক্ষতি হয়েছে।.
রিয়াদের কূটনৈতিক এলাকায়—যেখানে বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে—সেখানে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।.
এদিকে রিয়াদে মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।.
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, অঞ্চলটির সামরিক স্থাপনাগুলোতে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করা হয়েছে।.
হরমুজ প্রণালী পাড়ি দিলে জাহাজ জ্বালিয়ে দেওয়ার হুমকি.
বন্ধ হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করলে জাহাজে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান।.
দেশটির রেভল্যুশনারি গার্ডস কর্পসের সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেন, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে। যারা এই পথে জাহাজ চালানোর চেষ্টা করবে, তাদের জাহাজ জ্বালিয়ে দেওয়া হবে।.
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে জাবারি বলেন, 'তেলের দাম বর্তমানে ৮১ ডলারে পৌঁছেছে এবং বিশ্ব নিশ্চিতভাবেই এটি অন্তত ২০০ ডলারে পৌঁছানোর অপেক্ষায় আছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা এবং সেনাবাহিনীর বীর সদস্যরা এই প্রণালি দিয়ে পার হওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজে আগুন ধরিয়ে দেবে।'.
তিনি আরও বলেন, 'শত্রুপক্ষকে চাপে না রাখা পর্যন্ত আমরা এই অঞ্চলের তেল পাইপলাইনগুলোকেও লক্ষ্যবস্তু করব এবং এখান থেকে কোনো তেল রপ্তানি করতে দেব না। আমেরিকানদের ওপর লক্ষ কোটি ডলারের ঋণের বোঝা রয়েছে এবং তারা এই অঞ্চলের তেলের জন্য তৃষ্ণার্ত। কিন্তু তারা এখান থেকে এক ফোঁটা তেলও পাবে না।'.
ইনফোগ্রাফ: আল জাজিরা
এই ঘোষণা এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। তেলের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধের হুমকি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।.
বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় পাঁচভাগের একভাগ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়।.
হরমুজ প্রণালী ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত। এটি উত্তরের উপসাগরকে দক্ষিণের ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে।.
সবচেয়ে সরু স্থানে প্রণালীর প্রস্থ ২১ মাইল (৩৩ কিলোমিটার)। তবে দুই দিকে জাহাজ চলাচলের পথের প্রস্থ মাত্র ২ মাইল (৩ কিলোমিটার)।.
বিশ্লেষক প্রতিষ্ঠান ভরটেক্সার তথ্য অনুযায়ী, গত বছর গড়ে প্রতিদিন ২ কোটির বেশি ব্যারেল অপরিশোধিত তেল, কনডেনসেট ও জ্বালানি এই প্রণালী দিয়ে গেছে।.
ওপেকভুক্ত দেশ সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক তাদের অধিকাংশ অপরিশোধিত তেল এই পথেই রপ্তানি করে। এর প্রধান গন্তব্য এশিয়া অঞ্চল।.
বিশ্বের অন্যতম বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক কাতারও তাদের প্রায় পুরো এলএনজি এই প্রণালী দিয়েই পাঠায়।. .
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: