গোমতী নদীর তীরঘেঁষা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটের সমীকরণ আবারও পাল্টে গেছে। একক উপজেলা নিয়ে গঠিত এ আসন শুরু থেকেই উত্তপ্ত থাকলেও বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিলের পর পরিস্থিতি নতুন মোড় নেয়। বিএনপি এবার তাদের জোটসঙ্গী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ও জসিম উদ্দিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।.
দেবিদ্বার দীর্ঘদিন বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অতীতে একতরফা নির্বাচনে আওয়ামী লীগ জয় পেলেও চারটি নির্বাচনে বিএনপি এখানে ভূমিধস জয় পেয়েছে। স্থানীয়দের মতে, সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সির ব্যক্তিগত জনপ্রিয়তাই আসনটি ধরে রাখার মূল কারণ ছিল। এবারও তাকে মনোনয়ন দেওয়া হলেও ঋণখেলাপির অভিযোগে আদালতের রায়ে তিনি নির্বাচনে অযোগ্য হন। এতে ভোটের মাঠে হঠাৎ শূন্যতা তৈরি হয়।.
মনোনয়ন বাতিলের পর শুরুতে অনেকেই ধরে নিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ সহজ জয় পেতে যাচ্ছেন। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার পর চিত্র দ্রুত বদলে যায়। দলীয় নির্দেশনার পর ১৬টি ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা ট্রাকের পক্ষে মাঠে নামেন। কয়েক দিনের ব্যবধানে ট্রাক প্রতীক আলোচনার কেন্দ্রে চলে আসে।.
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দলীয় প্রার্থী বাদ পড়ার পর কেন্দ্রীয় নির্দেশনায় তারা ট্রাকের পক্ষে কাজ শুরু করেছেন। তাদের ভাষ্য, ১২ ফেব্রুয়ারির ভোটেই জনগণ সব ষড়যন্ত্রের জবাব দেবে। অন্যদিকে শাপলা কলি প্রতীকের সমর্থকরা দাবি করছেন, হাসনাত আবদুল্লাহ এমপি না হয়েও এলাকায় দৃশ্যমান উন্নয়ন করেছেন এবং সাধারণ মানুষের বড় অংশ তার পক্ষে রয়েছে।.
স্থানীয় বাসিন্দারা বলছেন, আগে বিএনপির ভেতরে বিভক্তি থাকলেও মুন্সির মনোনয়ন বাতিলের পর সবাই এক হয়ে ট্রাক প্রতীকের পক্ষে নেমেছেন। এতে জসিম উদ্দিন শক্ত অবস্থানে চলে এসেছেন। অনেকের মতে, এখন আর কারও জয় নিশ্চিত নয়; ট্রাক ও শাপলা কলির মধ্যে সমানে সমানে লড়াই হবে।.
বিএনপি নেতারা জানিয়েছেন, দলীয়ভাবে ট্রাকের পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিগগিরই মাঠে আরও জোরালো উপস্থিতি দেখা যাবে। জসিম উদ্দিন বলেন, বিএনপির নেতাকর্মী ও ভোটারদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ তার প্রচারণায় এলাকার উন্নয়ন ও শান্তির বার্তা তুলে ধরছেন।.
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। বদলে যাওয়া এই সমীকরণে শেষ পর্যন্ত কার ভাগ্যে হাসি ফোটে, সে দিকেই তাকিয়ে আছে দেবিদ্বারের মানুষ।. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: