• ঢাকা
  • শুক্রবার, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নির্বাচনের আগে আজ বিএনপির ইশতেহার ঘোষণা


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩৫ এএম
প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আজ তাদের বহুল আলোচিত নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের দেওয়া তথ্যমতে, রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার উন্মোচন করা হবে।.

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে ইশতেহার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।.

দলীয় সূত্র জানায়, এবারের ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনজীবনঘনিষ্ঠ সেবামূলক উদ্যোগগুলো ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে।.

ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, মানবাধিকার সুরক্ষা এবং দুর্নীতিবিরোধী কাঠামো জোরদারের প্রতিশ্রুতি থাকছে। একই সঙ্গে অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হবে। আলেম-ওলামা, সংখ্যালঘু ও কৃষক শ্রেণির জন্য বিশেষ অগ্রাধিকারের কথাও উল্লেখ করা হচ্ছে।.

জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার পরিকল্পনা ইশতেহারে গুরুত্ব পাচ্ছে। কওমি মাদ্রাসা উন্নয়ন, ইসলামিক গবেষণা তহবিল গঠন, ধর্মীয় শিক্ষার আধুনিকায়ন এবং ধর্মচর্চার বাধাহীন পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারও এতে যুক্ত থাকছে।.

পরিবেশ রক্ষাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে তুলে ধরে খাল ও নদী পুনর্খনন, ২৫ কোটি গাছ রোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ১৮ থেকে ৩৩ বছর বয়সী প্রায় সাড়ে চার কোটি যুবকের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং বেকার ভাতা চালুর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।.

সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সম্পত্তি দখল রোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, নিরাপত্তা সেল চালু, ধর্মীয় উৎসবে রাষ্ট্রীয় সহায়তা এবং সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে কঠোর ব্যবস্থার কথা বলা হচ্ছে।.

যুবসমাজকে কেন্দ্র করে ইশতেহারে বড় পরিসরে কর্মসংস্থানের পরিকল্পনা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এক কোটি নতুন চাকরি সৃষ্টি, স্টার্টআপ ফান্ড গঠন, আইটি প্রশিক্ষণ সম্প্রসারণ, বিদেশে নতুন শ্রমবাজার খোঁজা এবং মাদকবিরোধী টাস্কফোর্স গঠন।.

কৃষকদের জন্য কৃষি উপকরণের দাম কমানো, ন্যায্যমূল্য নিশ্চিত করা, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং ধান-চাল সংগ্রহে স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারও থাকছে। পাশাপাশি নারী নিরাপত্তা জোরদার, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারী উদ্যোক্তা তহবিল, মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।.

এছাড়া যুক্তরাজ্যের আদলে বাংলাদেশে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ গড়ে তোলা এবং নির্বাচিত হলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়টিকে রাজনৈতিক অঙ্গীকার হিসেবে সামনে আনছে বিএনপি।. .

Ajker Bogura / Samsil Arifin

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ