• ঢাকা
  • শুক্রবার, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

৬ কোটি ৪৪ লাখ রুপিতে পিএসএলে খেলবেন মুস্তাফিজ


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৫২ এএম
ছবি: সংগৃহীত

আইপিএলের অনিশ্চয়তা, রাজনৈতিক চাপ ও নানা বিতর্ক পেরিয়ে শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগেই নতুন ঠিকানা হলো মুস্তাফিজুর রহমানের। সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছে পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। এই চুক্তিতে তার পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।.

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেয় লাহোর কালান্দার্স। নিলামের আগেই মুস্তাফিজকে দলে ভেড়ানোয় স্পষ্ট, বিদেশি পেস আক্রমণে বাংলাদেশি এই কাটার বিশেষজ্ঞের ওপরই বড় আস্থা রাখছে ফ্র্যাঞ্চাইজিটি।.

কালান্দার্সের ফেসবুক পোস্টে বলা হয়, “আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান—যিনি ২০১৬ ও ২০১৮ সালে আমাদের হয়ে খেলেছেন—এবার সরাসরি চুক্তিতে আবার কালান্দার্স পরিবারের অংশ হলেন। একবার কালান্দার, চিরকাল কালান্দার।”.

আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ার তিন দিন পর, গত ৬ জানুয়ারি পিএসএলে মুস্তাফিজের খেলার বিষয়টি নিশ্চিত হয়। যদিও তখন কোন দলে তিনি যোগ দেবেন, তা জানা যায়নি। শেষ পর্যন্ত নিলামের আগেই তাকে চূড়ান্ত করে নিল লাহোর কালান্দার্স।.

এর আগে পিএসএলে দু’বার লাহোর কালান্দার্সের ডাক পেলেও এক মৌসুমেই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। ২০১৮ আসরে তিনি পাঁচ ম্যাচে ৪ উইকেট নেন, যেখানে তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.৪৩।.

পিএসএলের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর একটি লাহোর কালান্দার্স। সর্বোচ্চ তিনবার শিরোপা জেতা দলটি বর্তমানে টুর্নামেন্টের চ্যাম্পিয়নও। সর্বশেষ আসরে এই দলের হয়েই বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ৭ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট।.

উল্লেখ্য, এর আগে আইপিএলে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।. .

Ajker Bogura / Samsil Arifin

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ