মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন যুবক। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার যশলং এলাকার সিপাহিপাড়া–দিঘীরপাড় সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)। তিনজনই টঙ্গিবাড়ী উপজেলার সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়নের বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে একটি মোটরসাইকেলে করে দিঘীরপাড়ের দিকে যাচ্ছিলেন তারা। যশলং এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং রাস্তার পাশের একটি আমগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সাকিব ও সানিয়াতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: