দীর্ঘদিনের প্রত্যাশা ও আক্ষেপের অবসান ঘটিয়ে অবশেষে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন বগুড়ার একজন প্রতিনিধি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম মঙ্গলবার নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।.
মীর শাহে আলম জেলা ও উপজেলা পর্যায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি করে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়া জেলা শাখার সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। স্থানীয় রাজনীতিতে তিনি একজন সংগঠক ও তৃণমূলভিত্তিক নেতা হিসেবে পরিচিত।.
বগুড়ার রাজনৈতিক ইতিহাসে মন্ত্রিত্বের সুযোগ খুব বেশি আসেনি। সর্বশেষ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ সময় ধরে জেলার আর কেউ মন্ত্রিসভায় স্থান পাননি। ফলে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আক্ষেপ ছিল।.
এই প্রেক্ষাপটে মীর শাহে আলমের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে বগুড়ায় আনন্দ ও আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিন পর জেলার প্রতিনিধিত্ব মন্ত্রিসভায় নিশ্চিত হওয়ায় উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।.
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সরাসরি তৃণমূল পর্যায়ের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। ফলে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে মীর শাহে আলমের সামনে যেমন বিস্তৃত সুযোগ থাকবে, তেমনি প্রশাসনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জও কম থাকবে না।.
এখন দেখার বিষয়, জাতীয় পর্যায়ের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কতটা কার্যকরভাবে বগুড়ার মানুষের উন্নয়ন প্রত্যাশা পূরণ করতে পারেন। তবে আপাতত জেলায় বইছে আনন্দের হাওয়া, আর নতুন প্রত্যাশায় উজ্জীবিত স্থানীয় জনগণ।. .
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: