• ঢাকা
  • বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইউপি চেয়ারম্যানের বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০০ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা, পলিথিনে মোড়ানো কাফনের কাপড় এবং একটি হুমকিমূলক চিরকুট জব্দ করেছে পুলিশ।.

মফিজুল ইসলাম মুন্না ঢালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানায়, উদ্ধার করা চিরকুটে চেয়ারম্যানকে লক্ষ্য করে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি লেখা ছিল। সেখানে উল্লেখ করা হয়, তাকে হত্যার জন্য ‘একজন সৈনিকই যথেষ্ট’ এবং ভবিষ্যতে আরও কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।.

স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে। পরে পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয় পুরো এলাকায়।.

ভুক্তভোগী চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তাৎক্ষণিকভাবে প্রতিবেশী ও পুলিশকে অবহিত করি। পুলিশ এসে বাড়ির আশপাশ থেকে দুটি চকলেট বোমা এবং কাফনের কাপড়সহ বিভিন্ন আলামত উদ্ধার করে। তবে কারা বা কী উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি।.

মতলব উত্তর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনির জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তু ও দাফনের কাপড়সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।.

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ভয় দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। ঘটনায় সংশ্লিষ্টদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।. .

Ajker Bogura / Samsil Arifin

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ