• ঢাকা
  • শনিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় অপহরণ-চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা ও যুবদল কর্মীসহ ৪ জন কারাগারে


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৫ পিএম
বগুড়ায় অপহরণ-চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা ও যুবদল কর্মীসহ ৪ জন কারাগারে

ফাঁদ পেতে অপহরণ ও আপত্তিকর ছবি তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বগুড়ায় ছাত্রদল নেতা ও যুবদল নেতাকর্মী কারাগারে। এলজিইডি কর্মকর্তাকে মারধর করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।.

কৌশলে ডেকে নিয়ে এক এলজিইডি কর্মকর্তাকে অপহরণ, মারধর এবং আপত্তিকর ছবি ধারণ করে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।.

কফির আমন্ত্রণকে কেন্দ্র করে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। বগুড়া সদর থানায় এ বিষয়ে মামলা রুজু হয়েছে।.

পুলিশ জানায়, বগুড়া সদর থানার এফআইআর নং-৫৪ (তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬), জিআর নং-১৩৩/২৬, দণ্ডবিধি ১৮৬০-এর ৩৪১/৩৬৫/৩৮৫/৩৮৬/৪৬৭/৫০৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।.

আটকরা হলেন—গাবতলী উপজেলার মহিষাবান সরকারপাড়া গ্রামের মৃত বাছেদ সরকারের ছেলে মাহমুদুল হাসান ওরফে মোহন (৩১), ক্ষিদ্রপেড়ী এলাকার আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান (১৯), তরফসরতাজ এলাকার গোলাম রব্বানীর ছেলে রবিউল ইসলাম রকি (২১) এবং দাঁড়াইল এলাকার ছালেকের ছেলে আশেকুল ইসলাম (১৯)।.

এর মধ্যে প্রধান আসামি মাহমুদুল হাসান ওরফে মোহন গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। অন্য তিনজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে নিশ্চিত হয়নি।.

গোপন তথ্যের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি বিকেল প্রায় ৪টা ৪৫ মিনিটে বগুড়া সদর থানার রানার প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়।.

গ্রেফতারের সময় মাহমুদুল হাসানের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা (১ হাজার টাকার ১৪টি ও ৫০০ টাকার ১২টি নোট) এবং সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক (নং-৩৪৯৯৭২৩) উদ্ধার করা হয়।.

মেহেদী হাসানের কাছ থেকে ৩০০ টাকার তিনটি নন-জুডিসিয়াল স্ট্যাম্প ও একটি মোবাইল ফোন (সিম নং-০১৭৪২-৬১১৪৭৩) জব্দ করে পুলিশ।.

এজাহারে উল্লেখ করা হয়, বাদী বগুড়া সদর এলজিইডি কার্যালয়ের কার্য সহকারী। কিছুদিন আগে মোছাঃ শাহানাজ পারভিন নামের এক নারীর সঙ্গে তার মোবাইলে পরিচয় হয়।.

নিজেকে এলজিইডি ঢাকা অফিসের আউটসোর্সিং কর্মী পরিচয় দিয়ে ওই নারী ১৬ ফেব্রুয়ারি বিকেলে জলেশ্বরীতলা এলাকার একটি রেস্টুরেন্টে কফির আমন্ত্রণ জানান। সেখানে গেলে কয়েকজন ব্যক্তি লিফটের সামনে থেকে তাকে জোর করে নির্জন স্থানে নিয়ে যায়।.

পরে তাকে মারধর করে ওই নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে বিয়ের ভয় দেখানো হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।.

তাৎক্ষণিকভাবে নগদ অর্থ আদায়ের পর তাকে ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। পাশাপাশি ৩০০ টাকার ব্ল্যাংক নন-জুডিসিয়াল স্ট্যাম্পেও জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। অবশিষ্ট টাকা না দিলে মামলা করার হুমকিও দেওয়া হয়।.

তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী জানান, চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও একজন জড়িত রয়েছে, যাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।.

গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাদের জেলহাজতে রাখার আবেদন জানানো হয়েছে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ