বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা কারাগারে.
বগুড়ায় দায়ের করা একটি অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।.
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মোস্তফা মঞ্জুর।.
পুলিশ জানায়, মিজানুর রহমান সাগর একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের হওয়া মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে হামলা এবং চাঁদা দাবির অভিযোগ রয়েছে। ভুক্তভোগী রুবেল প্রাং গত বছরের ৩০ আগস্ট মামলাটি দায়ের করেন।.
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন রাতে কলেজসংলগ্ন এলাকায় অবস্থানকালে অভিযুক্তসহ কয়েকজন মোটরসাইকেলে এসে রুবেলকে জোরপূর্বক একটি অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং ২ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। একপর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় এবং সঙ্গে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা নিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।.
পুলিশ আরও জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: