ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড়-এ অবস্থিত শাহ সুলতান বলখী মাজার প্রাঙ্গণে জুমার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ইতোমধ্যে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে এবং কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।.
জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বগুড়ায় এই উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও সমন্বয় কমিটি করা হয়েছে, যাতে প্রকৃত উপকারভোগীরা তালিকাভুক্ত হন।.
সরকারি সূত্রে জানা যায়, কার্ডধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা বেষ্টনী আরও শক্তিশালী করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই কর্মসূচি চালু করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বগুড়ায় পরীক্ষামূলক বাস্তবায়নের পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায়ও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: