• ঢাকা
  • রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

একসঙ্গে ১০ মেগা প্রকল্পের ঘোষণা, কী কী পাচ্ছে বগুড়া?


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়াকে ঘিরে একসঙ্গে ১০টি বড় উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিমানবন্দর, ফুটবল স্টেডিয়াম, রেলপথ, মহাসড়ক উন্নয়ন, ওয়াসা ও উন্নয়ন কর্তৃপক্ষ গঠনসহ নানা প্রকল্প বাস্তবায়িত হলে বগুড়ার অর্থনীতি, শিক্ষা, যোগাযোগ ও নগর ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (১২ জুন) বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।.

কী কী পাচ্ছে বগুড়া?

১. আধুনিক বিশ্ববিদ্যালয় শহরের কোলাহল থেকে দূরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে।.

২. আন্তর্জাতিক বিমানবন্দর বগুড়ায় একটি বহুমাত্রিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিমানবন্দরকে কেন্দ্র করে পাইলট ট্রেনিং সেন্টার, কার্গো সুবিধা, আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান এবং বিমানঘাঁটি স্থাপনের কথাও বলা হয়েছে।.

৩. আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম ক্রীড়াঙ্গনের উন্নয়নে বগুড়ায় একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।.

৪. সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণে ২২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।.

৫. মেট্রোরেল আদলের ট্রেন চলাচল রাণীরহাট থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত আধুনিক ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে, যা নগর ও উপশহরের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।.

৬. গাবতলী চার লেন বাইপাস যানজট নিরসন ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে গাবতলীতে চার লেনের বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।.

৭. ছয় লেন মহাসড়ক বগুড়া-নওগাঁ এবং মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।.

৮. বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ পরিকল্পিত নগরায়ণ ও অবকাঠামো উন্নয়নের জন্য বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।.

৯. বগুড়া ওয়াসা নগরবাসীর সুপেয় পানি ও আধুনিক স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে বগুড়া ওয়াসা গঠনের পরিকল্পনা রয়েছে।.

১০. ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়ন বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করা হয়েছে।.

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো সুষম ও টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানো। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ঘোষিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বগুড়া উত্তরাঞ্চলের শিক্ষা, যোগাযোগ, ক্রীড়া ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।.

 .

স্টাফ রিপোর্টার : সামসিল আরিফিন. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ