জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ধানমন্ডিতে টহল দিতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের। ছবি: রাজীব ধর/ টিবিএস.
বাংলাদেশের নাগরিকরা আগামীকাল ভোটকেন্দ্রে যাবেন। এই নির্বাচন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এক নির্বাচনে পরিণত হতে যাচ্ছে। আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে গতকাল ভোরে, তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী—বিএনপি ও জামায়াতে ইসলামী—তীব্র ভোটপর্ব সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতেও সক্রিয় ছিল।.
বিএনপি বিজয় নিয়ে আত্মবিশ্বাসী। দলটির কর্মীরা উদ্দীপ্ত, সম্পন্ন হয়েছে তাদের আসনভিত্তিক প্রস্তুতি ও পোলিং এজেন্ট নিয়োগ। অন্যদিকে জামায়াত শান্তিপূর্ণ ভোট ও উচ্চ ভোটার উপস্থিতির ওপর জোর দিচ্ছে। ভোটাররা যাতে অবাধ ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে দলটি আসনগুলোর ব্যবস্থাপকদের সঙ্গে সমন্বয় করছে।.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও দুই দলের জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০০৮ সালের পর প্রথমবারের মতো একটি নিরপেক্ষ প্রশাসনের অধীনে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১,৪০০ প্রাণের বিনিময়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত অধ্যায় হিসেবেও দেখা হচ্ছে এই নির্বাচনকে।.
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনগুলো স্বচ্ছতা, ন্যায্যতা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অবশ্য এবারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ থাকায় রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠে, যা নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর প্রচার ও কৌশলগত তৎপরতা আরও তীব্র করার পেছনেও ভুমিকা রেখেছে।.
আগামীকালের ভোটের সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কারের যে ঐকমত্য গঠনের চেষ্টা করছে, তারও একপ্রকার পরীক্ষা হবে এটি।.
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোকে ফলাফল যাই হোক না কেন—তা মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "আমি আন্তরিকভাবে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আহ্বান জানাচ্ছি—নির্বাচনের ফলাফল যাই হোক না কেন—ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন।".
বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ হবে। ধানের শীষ প্রতীকে বিএনপি ২৯১ জন প্রার্থী দিয়েছে, আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনয়ন দিয়েছে ২২৯ জনকে।.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে যৌথবাহিনীর (র্যাব, পুলিশ ও সেনাসদস্যদের) টহল। ছবি: রাজীব ধর/ টিবিএস.
নিজ কার্যালয় থেকে ভোটের সাংগঠনিক কাজ তদারকি করবেন তারেক রহমান.
দেশব্যাপী নির্বাচনী প্রচারাভিযান শেষ করে গতকাল থেকে নিজ কার্যালয়ে বসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সারা দেশের ভোটের সার্বিক খবরাখবর জানা ও ব্যবস্থাপনা করতে দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।.
এছাড়া কার্যালয় থেকেই তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম তদারকি করছেন।.
গতকাল বিকেলে সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান বলেন, "চেয়ারম্যান মহোদয় এখন গুলশানে অফিস করছেন। সকাল থেকে সারাদেশে প্রার্থীদের খোঁজ-খবর নিয়েছেন। নিজে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। সারা দেশে পরিবেশ কেমন তা তিনি জেনেছেন। সকাল থেকেই কর্মব্যস্ত সময় অতিক্রান্ত করেছেন।".
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তারেক রহমান ভোট দেবেন।.
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি.
মঙ্গলবার ভোরে আনুষ্ঠানিক প্রচার শেষ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি সক্রিয় ছিল। দলীয় নেতাকর্মীদের মধ্যেও প্রবল আশাবাদ ও বিজয়ের প্রত্যাশা বিরাজ করছে।.
দলটির নেতারা জানান, ভোটারদের সাড়া অত্যন্ত ইতিবাচক। দীর্ঘদিন পর অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ ফিরেছে বলে তারা মনে করেন। আসনভিত্তিক প্রস্তুতি ও এজেন্ট নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রার্থীরা আশা করছেন, ভোটাররা স্বাধীনভাবে পছন্দের জনপ্রতিনিধি বেছে নেবেন।.
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, "একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ। এই বাস্তবতা উপলদ্ধি করে, একটি নির্দিষ্ট দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও দেখা যাচ্ছে।".
দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের নেতা-কর্মীদের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, যেখানে প্রয়োজন দল ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। বিচ্ছিন্ন সহিংসতা আইনশৃঙ্খলা বাহিনী মোকাবিলা করবে। দোষী যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।.
রাজবাড়ী-২ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, "১৭ বছরের নির্বাচনী ইতিহাসে ভোটের সাংস্কৃতিক চেতনা হারিয়ে গিয়েছিল। আমরা তা ফিরিয়ে এনেছি। ভোটারদের এখন মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমরা চেষ্টায় কোনো ত্রুটি রাখতে চাই না। এখন জনতার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি।".
৯ ফেব্রুয়ারি, ২০২৬; ঢাকা-৮ আসনের পীরজঙ্গি মাজার সড়কে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সে.
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান গতকাল ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।.
বৈঠক শেষে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করা ইসির প্রধান দায়িত্ব। ভোটের আগে অনৈতিক কর্মকাণ্ড—যেমন ভোটারদের ঘুষ দেওয়া—নিয়ে কমিশনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।.
তিনি বলেন, এসব বিষয়ে পদক্ষেপ নিতে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। তিনি জাল ব্যালট পেপার ও ছাপার সরঞ্জাম জব্দের ঘটনাও উল্লেখ করে প্রশ্ন তোলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আরও আগেই বিষয়টি টের পায়নি।.
নির্বাচনী সহিংসতার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, বড় ধরনের কোনো সমস্যা হয়নি এবং হবে বলেও তিনি আশঙ্কা করেন না। "সব অংশগ্রহণকারী দল সুষ্ঠু ভোট চায়, তাই আমরা একটি সুস্পষ্ট ফলাফলের প্রত্যাশা করছি," বলেন তিনি।.
সহিংসতা ও হামলার ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় এসব হুমকিকে রাজনৈতিকভাবে অতিরঞ্জিত করা হয়। এগুলো মোকাবিলায় আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।.
নির্বাচনী প্রস্তুতি তদারকিতে ডা. শফিকুর রহমান.
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গতকাল ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত সক্রিয় ছিলেন। তিনি ঢাকা-১৫ আসনের পূর্ব মণিপুরের বাবা হুজুর মসজিদে ফজরের নামাজ আদায় করেন।.
এরপর প্রচারের শেষ সময়টুকু জনসংযোগে ব্যয় করেন।.
সকাল ১১টায় তিনি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবসের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।.
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ৬০ ফিট মণিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে শফিকুর রহমান ভোট দেবেন।.
জামায়াতের নির্বাচন ব্যবস্থাপনা কমিটির কয়েকজন নেতা জানান, সকালবেলার কার্যক্রম শেষে আমির মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফেরেন। সেখানে তিনি ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন এবং দিনভর নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় তদারকি করেন।.
সারাদিন তিনি দেশব্যাপী দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগের প্রতিবেদন পর্যবেক্ষণ করেন এবং সন্ধ্যায় ১১-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।.
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ১১-দলীয় জোট নির্বাচন কমিশন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেবে।.
তিনি বলেন, "আমাদের প্রধান লক্ষ্য নাগরিকদের ভোটাধিকার ও আকাঙ্ক্ষা সুরক্ষিত করা। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে যান এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত অবস্থান করেন।".
কোনো দুষ্টচক্র যাতে অস্থিরতা সৃষ্টি বা অপতথ্য ছড়িয়ে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে না পারে—সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক পেইজ থেকে নেওয়া.
উচ্চ ভোটার উপস্থিতিতে জোর দিচ্ছে জামায়াত.
জামায়াত শান্তিপূর্ণ ভোট ও উচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে। তাদের নির্বাচন ব্যবস্থাপনা কমিটি আসনভিত্তিক ব্যবস্থাপকদের সঙ্গে সমন্বয় করে ভোটারদের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে তৎপর রয়েছে বলে জানিয়েছে।.
দলের সিনিয়র নেতারা জানান, প্রশাসনিক ত্রুটি বা কমিশনের গাফিলতি থাকলে তা দ্রুত ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হচ্ছে। গণনা প্রক্রিয়ায় যেন প্রতিপক্ষ কোনো বিঘ্ন ঘটাতে না পারে, সে জন্য কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।.
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মোবারক হোসেন বলেন, আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শেষ হয়েছে, এখন মূল জোর দেওয়া হচ্ছে পোলিং এজেন্ট নিয়োগ ও মাঠে মোতায়েনের ওপর। তিনি বলেন, "পোলিং এজেন্ট হতে কিছু নির্ধারিত প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা রয়েছে, সেগুলো আমরা সম্পন্ন করছি। পাশাপাশি জোটভুক্ত দলগুলোর অধীন আসনগুলোতেও এজেন্টদের প্রস্তুত করা হচ্ছে।".
তিনি আরও বলেন, জামায়াত তাদের মূল বার্তা পৌঁছে দিচ্ছে—যাতে নতুন তরুণ ভোটারসহ সব ভোটার অবাধে ভোট দিতে পারেন এবং নির্বাচন কমিশন সতর্ক থাকে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়।.
জামায়াত কেন্দ্রীয় কার্যালয় থেকে ৫০টির বেশি টিমের মাধ্যমে সমন্বয় করছে, যার নেতৃত্বে রয়েছেন সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতারা।.
দলটির নির্বাচন কমিটির আরেক সদস্য বলেন, পোলিং এজেন্টদের শেষ পর্যন্ত কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভোট গণনার স্বচ্ছতা রক্ষায় সচেতন থেকে শান্তিপূর্ণভাবে ঘরে ফেরার আহ্বান জানানো হয়েছে।.
জামায়াতের নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সদস্য হাফিজুর রহমান বলেন, "আমাদের অগ্রাধিকার কেন্দ্রভিত্তিক প্রস্তুতি, বিশেষ করে এজেন্ট ব্যবস্থাপনা। ভোটাররা যেন সকালেই কেন্দ্রে পৌঁছান, ভোটাধিকার প্রয়োগ করেন এবং অন্যদেরও ভোট দিতে সহায়তা করেন।.
Ajker Bogura / Md.Showrov Hossain
আপনার মতামত লিখুন: