বগুড়ার গাবতলী উপজেলায় একটি শ্যালো মেশিন ঘরের পাশ থেকে মোঃ আব্দুল লতিফ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (হিন্দু পাড়া) গ্রামে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের “বিয়ের গাছ” নামে পরিচিত স্থানের উত্তর পাশে একটি শ্যালো মেশিন ঘরের সঙ্গে লাগানো পূর্ব পাশের ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত আব্দুল লতিফ আকন্দ নিশিন্দারা পশ্চিম পাড়ার বাসিন্দা এবং মৃত মোবারক আলী আকন্দের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, তিনি প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে শ্যালো মেশিন ঘরে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন সারিয়াকান্দি ও গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, গাবতলী থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিব হোসেন, এসআই মোঃ মজিবর রহমান ও এসআই মোহাম্মদ আসিফ ইকবাল। তারা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: