বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া চালিতাবাড়ি গ্রামে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতিকুর রহমান সাগর মণ্ডল (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।.
নিহত সাগর মণ্ডল উপজেলার পাঁচবারিয়া চালিতাবাড়ি গ্রামের বাসিন্দা এবং মো. শাহাদাত হোসেনের ছেলে।.
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় সাগর মণ্ডল গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলায় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।.
বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।.
এদিকে, স্থানীয়ভাবে মাদক কেনাবেচা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের অভিযোগ উঠলেও, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: