• ঢাকা
  • শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০৩ পিএম
হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়ানো হয়েছে। আদালত আগামী ২৬ ফেব্রুয়ারি নতুন দিন নির্ধারণ করেছেন।.

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।.

আদালত সূত্রে জানা গেছে, এদিন প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখ থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা প্রতিবেদন জমা দিতে পারেননি। ফলে আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেন।.

এর আগে গত ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ডিবির দেওয়া অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।.

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করেন শরিফ ওসমান হাদি। পরে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুষ্কৃতিকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়।.

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।.

এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন আবদুল্লাহ আল জাবের। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।.

গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করে। এতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং আসন্ন সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ