• ঢাকা
  • বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গাজা সংকট সমাধানে ট্রাম্পের শান্তি পরিষদে ৮টি মুসলিম দেশ, স্থায়ী সদস্যদের দিতে হবে ১বিলিয়ন


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৫৬ পিএম
ট্রাম্পের সঙ্গে মুসলিম বিশ্বের নেতাদের কয়েকজন। ছবি: টাইমস অফ ইসরায়েল

বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির বলয় তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের আটটি গুরুত্বপূর্ণ দেশ। বুধবার (২১ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই সিদ্ধান্তের কথা জানান।.

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সৌদি আরব, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এই পরিষদে প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে।.

প্রস্তাবিত এই বোর্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট নিয়ে ২০২৭ সালের শেষ পর্যন্ত যুদ্ধোত্তর গাজার প্রশাসনিক তদারকি করবে। পাশাপাশি ভবিষ্যতে একে বৈশ্বিক সংঘাত সমাধানের স্থায়ী আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।.

বোর্ডের কাঠামো নিয়েই সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে। ট্রাম্প নিজেই এর আজীবন চেয়ারম্যান থাকবেন। স্থায়ী সদস্য হতে প্রত্যেক দেশকে দিতে হবে ১ বিলিয়ন মার্কিন ডলার ফি। এর আগে কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করলেও সৌদি আরবের অবস্থান নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত রিয়াদ যোগ দেওয়ায় ট্রাম্পের উদ্যোগ বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।.

বোর্ড বছরে সীমিত সংখ্যক বৈঠক করবে। তবে গাজার দৈনন্দিন প্রশাসনিক সিদ্ধান্ত নিতে কাজ করবে আলাদা একটি ‘গাজা এক্সিকিউটিভ বোর্ড’। ইতোমধ্যে এই উপ-কমিটির সদস্য তালিকায় তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নাম প্রকাশ করা হয়েছে।.

যৌথ বিবৃতিতে মুসলিম দেশগুলো জানিয়েছে, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে সামনে রেখেই তারা এই উদ্যোগে যুক্ত হয়েছে, যাতে একটি ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তি নিশ্চিত করা যায়।.

এদিকে ট্রাম্প আরও জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং বোর্ড অব পিসে যোগ দিতে সম্মত হয়েছেন। ট্রাম্পের ভাষ্য, বৈশ্বিক প্রভাবসম্পন্ন শক্তিশালী নেতৃত্ব ছাড়া এই উদ্যোগ সফল করা সম্ভব নয়।.

তিনি দাবি করেন, জাতিসংঘ যেখানে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, সেখানে এই বোর্ড সেই শূন্যতা পূরণ করবে। তবে কিছু দেশের ক্ষেত্রে সংসদীয় অনুমোদনের প্রক্রিয়া জটিল হতে পারে বলেও স্বীকার করেছেন ট্রাম্প।.

সূত্র: টাইমস অব ইসরায়েল.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ