নিজস্ব প্রতিবেদক, আদমদীঘী (বগুড়া) |.
১ মার্চ ২০২৬.
বগুড়ার আদমদীঘী উপজেলার নসরৎপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক যুবনেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১ মার্চ) বাদ আসর নসরৎপুর রেলস্টেশন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি শনিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে নসরৎপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি শামীম আহমেদ সাজুর ওপর অতর্কিত হামলা চালানো হয়। তারা জানান, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল ওত পেতে পেছন দিক থেকে হামলা করে এবং ইট-পাথর দিয়ে আঘাত করে তাকে আহত করে। রাতের অন্ধকারে হামলাকারীদের সনাক্ত করা সম্ভব হয়নি বলে দাবি করা হয়।
স্থানীয় নেতাদের ধারণা, রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আদমদীঘী থানা কর্মপরিষদের সদস্য ও নসরৎপুর ইউনিয়নের আমির মাওলানা এমদাদুল হক, আদমদীঘী উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. তরিকুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ। তারা এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হামলার শিকার শামীম আহমেদ সাজু বক্তব্যে হামলাকারীদের প্রতি প্রতিশোধমূলক মনোভাব না দেখিয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস; হামলাকারীরা যেন নিজেদের ভুল উপলব্ধি করে অনুতপ্ত হয় এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা থেকে বিরত থাকে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।.
.
Ajker Bogura / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: