বগুড়ায় সেমাই কারখানায় যৌথ অভিযান, ‘সারাবেলা লাচ্ছা সেমাই’কে ২০ হাজার টাকা জরিমানা.
বগুড়া সদরের ফুলবাড়ি মধ্য পাড়ায় অবস্থিত ‘সারাবেলা লাচ্ছা সেমাই’ কারখানায় যৌথ অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসন, বগুড়া, র্যাব-১২ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের সমন্বয়ে একটি টিম অংশ নেয়।.
অভিযান পরিচালনাকালে কারখানায় উৎপাদিত সেমাই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। দেখা যায়, পঁচা ময়লা ও আবর্জনার স্তুপের পাশেই সেমাই প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। খাদ্য তৈরির স্থান ছিল অস্বাস্থ্যকর এবং অপরিচ্ছন্ন। এছাড়া ডালডা গলানো ও সেমাই প্রস্তুতের কাজে পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। কারখানায় কর্মরত শ্রমিকদের কোনো ধরনের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সামগ্রী ব্যবহার করতেও দেখা যায়নি।.
অভিযানে আরও জানা যায়, প্রতিষ্ঠানটি কোনো মান সনদ গ্রহণ না করে এবং অনিবন্ধিত অবস্থায় সেমাই উৎপাদন করছিল। এমনকি সেমাইয়ে অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারেরও প্রমাণ মেলে। এসব অনিয়ম ও অপরাধের দায় স্বীকার করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। পাশাপাশি অননুমোদিত রাসায়নিক রং মিশ্রিত আনুমানিক ২৪০ কেজি সেমাই বিধি মোতাবেক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।.
অভিযানকালে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার জনাব মো. রাসেল এবং র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি চৌকস টিম। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।.
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: