উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ আবারও প্রমাণ করলো তাদের শিক্ষার মান ও সাফল্যের ধারাবাহিকতা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় কলেজটি থেকে সর্বমোট ১০৮ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এমন অসাধারণ সাফল্যে আনন্দ ও গর্বে ভাসছে পুরো বগুড়া জেলাবাসী।.
কলেজ সূত্রে জানা গেছে, নিয়মিত পাঠদান, অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, বিশেষায়িত শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। কলেজের উচ্চ মাধ্যমিক বিভাগের জন্য আলাদা একাডেমিক ভবন ও পড়াশোনার অনুকূল পরিবেশ শিক্ষার্থীদের এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।.
এই অসাধারণ অর্জন উদ্যাপনে কলেজ কর্তৃপক্ষ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম বলেন, “অদম্য সাধনাই আনে কাঙ্ক্ষিত সফলতা।” তিনি আরও জানান, ক্যাম্পাসে সুশৃঙ্খল ও রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করায় শিক্ষার্থীরা পড়াশোনায় অধিক মনোযোগ দিতে পেরেছে।.
১৯৩৯ সালে প্রতিষ্ঠিত সরকারি আজিজুল হক কলেজ উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। “উত্তরবঙ্গের আলো” খ্যাত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই মেডিকেল, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে।.
শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের মতে, এক কলেজ থেকে ১০৮ জন শিক্ষার্থীর মেডিকেলে চান্স পাওয়া শুধু বগুড়ার জন্য নয়, পুরো উত্তরাঞ্চলের শিক্ষাক্ষেত্রের জন্যই এক গৌরবময় অর্জন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: