• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৪ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

বগুড়ার সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সোয়াদ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।.

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে খান্দার এলাকার নীলসাগর পুকুরে এ ঘটনা ঘটে। নিহত সোয়াদ ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার স্যানিটারি মিস্ত্রি মো. কালামের একমাত্র ছেলে। সে স্থানীয় ঠনঠনিয়া নূরুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ছিল।.

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে দুই বন্ধু তানিম ও রাকিবের সঙ্গে ঠনঠনিয়া পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের পেছনের ঈদগাহ মাঠে খেলছিল সোয়াদ। খেলা শেষে তারা পাশের নীলসাগর পুকুরে গোসল করতে যায়। সাঁতার জানা থাকলেও পুকুরের গভীর পানিতে গিয়ে হঠাৎ তলিয়ে যেতে থাকে সে।.

এ সময় বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোয়াদকে মৃত ঘোষণা করেন।.

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা-বাবা। মঙ্গলবার বাদ এশা ঠনঠনিয়া পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।.

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, শিশুটির মৃত্যুর খবর তারা পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।. .

Ajker Bogura / সেলিম খান

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ