ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (WPPF) ও ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড (WWF)-এর দীর্ঘদিনের বকেয়া ৫ শতাংশ অর্থ পরিশোধের দাবিতে বগুড়ায় ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মী মাহবুব মোর্শেদ। রবিবার (২১ জুন) শহরের জলেশ্বরিতলা এলাকায় গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অসুস্থ মাকে সঙ্গে নিয়ে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।.
এ সময় তিনি পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে তার দাবির পক্ষে জনমত গঠনের চেষ্টা করেন। কর্মসূচিতে ‘সাব জুডিস নিপাত যাক’ ও ‘৫% মুক্তি পাক’সহ বিভিন্ন স্লোগান দেন তিনি।.
মাহবুব মোর্শেদের দাবি, ২০১০ সালে মোবাইল ফোন অপারেটরগুলোকে ‘ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং’ হিসেবে ঘোষণা করার পর কর্মীরা আইন অনুযায়ী WPPF ও WWF সুবিধা পাওয়ার অধিকার অর্জন করেন। কিন্তু আইনি জটিলতার কারণে ২০১০, ২০১১ ও ২০১২ সালের প্রাপ্য অর্থ বিতরণে দীর্ঘসূত্রতা দেখা দেয়। পরে মূল অর্থ পরিশোধ করা হলেও দীর্ঘদিন অর্থ আটকে থাকার কারণে বিলম্বজনিত ৫ শতাংশ পাওনা এখনো পরিশোধ করা হয়নি বলে অভিযোগ তার।.
তিনি জানান, এ দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। ২০২৩ সালে সংশ্লিষ্ট রিট মামলা প্রত্যাহারের পর বিষয়টির দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা করেছিলেন তারা। কিন্তু এখনো দাবির সুরাহা না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন।.
প্রতিবাদ কর্মসূচিতে মাহবুব মোর্শেদ বলেন, “আমরা কোনো সংঘাত চাই না। আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধান চাই। দীর্ঘদিনের এই অনিশ্চয়তার অবসান হলে সাবেক কর্মী ও তাদের পরিবারগুলো উপকৃত হবে।”.
তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট প্রত্যেক ভুক্তভোগী কর্মীর বিপুল অঙ্কের পাওনা রয়েছে এবং বিষয়টির দ্রুত মানবিক ও ন্যায়সঙ্গত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।.
দীর্ঘদিনের দাবি আদায়ে অসুস্থ মাকে পাশে নিয়ে এক সাবেক কর্মীর এই প্রতীকী প্রতিবাদ নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। তবে এ বিষয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: