বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু করে বড়গোলা, দত্তবাড়ী, চাঁদনি বাজার মোড় ও কালীতলা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একই ভয়াবহ চিত্র চোখে পড়ছে, যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিশ সংযোগের অসংখ্য তার খুঁটির সঙ্গে জট বেঁধে কুণ্ডলীর মতো ঝুলে থেকে পুরো নগরজীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। বিভিন্ন প্রতিষ্ঠানের অপরিকল্পিত সংযোগ, পুরোনো তার অপসারণে উদাসীনতা এবং নিয়ন্ত্রণহীনভাবে নতুন লাইন টানার কারণে অনেক স্থানে বিদ্যুতের খুঁটিগুলো অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে একদিকে হেলে পড়ছে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। স্থানীয়দের মতে, নিচু হয়ে থাকা এসব তার মাঝে মাঝে পথচারীদের গায়ে লেগে যায়, বড় যানবাহন চলাচলের সময় ছিঁড়ে পড়ে, আর ঝড়-বৃষ্টির দিনে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। শুধু জননিরাপত্তাই নয়, শহরের সৌন্দর্যও নষ্ট করছে এই বিশৃঙ্খল তারের জঞ্জাল। সচেতন নাগরিকরা বলছেন, এ অবস্থা থেকে উত্তরণের জন্য খুঁটির ওপর এলোমেলো তার টানার পরিবর্তে আন্ডারগ্রাউন্ড ক্যাবল ব্যবস্থা, একীভূত কমন ডাক্ট লাইন, অথবা সুশৃঙ্খল ক্যাবল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা জরুরি, যাতে একই খুঁটিতে আলাদা আলাদা কোম্পানির তার না ঝুলে নির্দিষ্ট কাঠামোর মধ্যে সংযোগ রাখা যায়। নগরবাসীর দাবি, দ্রুত পরিকল্পিত বিকল্প ব্যবস্থা না নিলে এই ঝুলন্ত তার একদিন বগুড়াবাসীর জন্য বড় ধরনের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: