সংসদ ভবনে ‘জঙ্গি এমপি’ সম্বোধন: তদন্ত দাবি এমপি হানজালার.
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর স্ত্রীর জানাজায় অংশ নিতে সংসদ ভবনে প্রবেশের সময় পেছন থেকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।.
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদ-এর অধিবেশনে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন পর্বে দাঁড়িয়ে তিনি বলেন, সম্ভবত তার পোশাক ও পাগড়ির কারণেই তাকে ‘জঙ্গি’ বলে সম্বোধন করা হয়েছে।.
এমপি হানজালা বলেন, গত ৩০ মার্চ স্পিকারের সহধর্মিণীর জানাজায় অংশ নিতে তিনি সংসদ ভবনে যান। দক্ষিণ প্লাজা দিয়ে প্রবেশের সময় পেছন থেকে কেউ একজন তাকে উদ্দেশ করে ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’ বলে সম্বোধন করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখতে পান তিনি।.
তিনি আরও বলেন, জাতীয় সংসদের একজন দায়িত্বপ্রাপ্ত এমপিকে সংসদের কাছেই এভাবে অপমান করা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। আল্লাহর নবীর সুন্নত অনুসারে পরিধান করা পোশাক কখনো জঙ্গিবাদের প্রতীক হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।.
এ সময় তিনি স্পিকারের কাছে অনুরোধ জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার ব্যবস্থা নেওয়া হোক।.
এর জবাবে স্পিকার বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এমপি হানজালাকে নোটিশ দেওয়ার আহ্বান জানান।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: