• ঢাকা
  • মঙ্গলবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার মাটিডালী বিমান মোড়ে ফ্লাইওভার এখন সময়ের দাবি


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৮ এএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী (AI Generated)

যানজট, দুর্ঘটনা আর জনদুর্ভোগ কমাতে দ্রুত উদ্যোগ প্রয়োজন

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল মাটিডালী বিমান মোড়। প্রতিদিন এই মোড় দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত যানবাহন ও স্থানীয় পরিবহন চলাচল করে। কিন্তু যানবাহনের অতিরিক্ত চাপ, অপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা এবং সড়কের সক্ষমতার সীমাবদ্ধতায় এই মোড় এখন পরিণত হয়েছে তীব্র যানজট ও দুর্ভোগের কেন্দ্রে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে বিমান মোড়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। ফলে সময় অপচয়ের পাশাপাশি বাড়ছে জ্বালানি খরচ ও অর্থনৈতিক ক্ষতি। মাটিডালী বিমান মোড় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এই মোড় দিয়েই চলাচল করে রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, দিনাজপুর, নওগাঁ ও রাজশাহীগামী পরিবহন। এত গুরুত্বপূর্ণ একটি মোড়ে এখনো আধুনিক অবকাঠামোর অভাব নগর পরিকল্পনার দুর্বলতাকেই সামনে আনে। স্থানীয়দের অভিযোগ, যানজটের পাশাপাশি প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে এই মোড়ে। দ্রুতগতির যানবাহন, হঠাৎ লেন পরিবর্তন এবং অতিরিক্ত চাপের কারণে পথচারীদের জন্যও এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করেন।.

অথচ বগুড়া শহরের তিন মাথা, চার মাথা ও বারোপুর এলাকায় ইতোমধ্যেই ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। কিন্তু উত্তরাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সংযোগস্থল মাটিডালী বিমান মোড় এখনো রয়ে গেছে এমন আধুনিক অবকাঠামোর বাইরে। স্থানীয়দের মতে, যানবাহনের চাপ ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই মোড়েই সবচেয়ে আগে ফ্লাইওভার প্রয়োজন ছিল। এ অবস্থায় মাটিডালী বিমান মোড়ে একটি আধুনিক ফ্লাইওভার নির্মাণ সময়ের দাবিতে পরিণত হয়েছে। ফ্লাইওভার নির্মাণ হলে দূরপাল্লার যানবাহন সরাসরি শহরের ভেতরের চাপ ছাড়াই চলাচল করতে পারবে। এতে যানজট কমবে, যাতায়াত সময় হ্রাস পাবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমে আসবে। পাশাপাশি নগরীর বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।শুধু একটি ফ্লাইওভার নয়, এর সঙ্গে প্রয়োজন আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, সার্ভিস লেন, ফুটওভার ব্রিজ ও পথচারীবান্ধব পরিকল্পনা। কারণ দ্রুত সম্প্রসারণশীল বগুড়া শহরের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। স্থানীয় সচেতন মহল মনে করেন, দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের মতো বগুড়াতেও আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে হবে। আর সেই উন্নয়নের অন্যতম প্রথম ধাপ হতে পারে মাটিডালী বিমান মোড়ে একটি দৃষ্টিনন্দন ও কার্যকর ফ্লাইওভার নির্মাণ।.

 .

স্টাফ রিপোর্টার: সামসিল আরিফিন. .

Ajker Bogura / ডি আর/ এসএ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ