এক সময়ের শান্ত জনপদ হিসেবে পরিচিত বগুড়া শহর যেন দিন দিন সাধারণ মানুষের জন্য অনিরাপদ হয়ে উঠছে, যেখানে জীবিকার সন্ধানে রাস্তায় নামা খেটে খাওয়া মানুষও এখন আর নিরাপদ নন। গতকাল রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বগুড়া শহরতলীর মালগ্রাম দিঘীরপাড় কবরস্থান এলাকায় এক হৃদয়বিদারক ছিনতাইয়ের ঘটনা নগরবাসীকে নাড়িয়ে দিয়েছে। দুর্বৃত্তরা কৌশলে অটোচালক মোঃ মিলন (২৫)-কে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে রেখে তার অটোভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মিলন বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জহুরুল নগরের বাসিন্দা। এ ঘটনায় আবারও সামনে এসেছে বগুড়া শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বল চিত্র। নগরবাসীর প্রশ্ন—রাত বাড়লেই যদি ছিনতাইকারীরা এতটা বেপরোয়া হয়ে ওঠে, তবে টহল পুলিশ কোথায়? যে শহরে একজন শ্রমজীবী মানুষ নিজের ঘামে উপার্জনের বাহনটুকুও নিরাপদে রাখতে পারেন না, সেই শহরে সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তেই থাকে। বগুড়ার মতো গুরুত্বপূর্ণ একটি শহরে এমন ঘটনা শুধু একজন অটোচালকের ক্ষতি নয়, বরং পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় এক প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: