বগুড়ার সাজাহানপুর উপজেলার কাজীপাড়া এলাকায় অবস্থিত “আরএসি ইন্ডাস্ট্রি” নামের একটি মসলা কারখানায় অভিযান চালিয়ে ভয়াবহ ভেজালের প্রমাণ পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে দেখা যায়, কারখানাটিতে পঁচা মরিচ ও নষ্ট হলুদ ব্যবহার করে মসলা গুঁড়া তৈরি করা হচ্ছিল।.
এছাড়াও, সাধারণ মসলাকে উজ্জ্বল রঙিন দেখাতে কাপড় রং করার জন্য ব্যবহৃত শিল্পকারখানার টেক্সটাইল রং মেশানোর তথ্য পাওয়া যায়, যা খাদ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন। অভিযানে আনুমানিক ৫ কেজি হলুদ রং ও ১.৫ কেজি লাল রং জব্দ করা হয়, যা বিধি অনুযায়ী জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।.
দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী কারখানাটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং অপরাধের সঙ্গে জড়িত একজন ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল জানান, এসব বিষাক্ত রাসায়নিক রং মানবদেহে ক্যানসার, লিভার ও কিডনি সমস্যাসহ গুরুতর রোগের ঝুঁকি বাড়াতে পারে।.
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে খাদ্যে ভেজাল ও অপরিচ্ছন্ন কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: