• ঢাকা
  • বুধবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫৬ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত (এডিটেড)

বগুড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মানহানিকর ও উসকানিমূলক তথ্য পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।.

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ গোলাম মাহফুজ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।.

মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান গত ২৯ জুলাই বিকেলে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেখতে পান। অভিযোগে বলা হয়, গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য পোস্ট করেন।.

এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়।.

পরবর্তীতে গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরি পাড়া এলাকার একটি বাড়ি থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন দুপুরে তাকে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।.

এরপর পুলিশ তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। রিমান্ড শেষে গত ১৩ আগস্ট পুনরায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।.

সর্বশেষ মঙ্গলবার দায়রা জজ আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।.

গাজী সালাউদ্দিন তানভীর বগুড়ার সোনাতলা পৌর এলাকার নতুন বাজারের আলী আকন্দের ছেলে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ