• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মন্ত্রিত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয় বাড়ির মালিক


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৭ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের কার্যালয়টি দীর্ঘ দেড় দশক ধরে দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ২০০৮ সাল থেকে দলটির নীতিনির্ধারণী কার্যক্রমের অন্যতম প্রধান স্থান হিসেবে ব্যবহৃত এই ভবন রাজনৈতিক নানা ঘটনাপ্রবাহের সাক্ষী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ সময় এখানে অবস্থান করেন। বাড়িটির সামনে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।.

দীর্ঘদিন ধরে ভবনটি দলীয় সম্পত্তি হিসেবে বিবেচিত হলেও প্রকৃত মালিক বর্তমান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। ২০০৮ সালের রাজনৈতিক প্রতিকূল সময়ে তিনি ভবনটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য প্রদান করেন এবং পরবর্তীতেও তা অব্যাহত রাখেন।.

কুমিল্লা-৮ আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী শফিকুল আলম হেলালের তুলনায় প্রায় চারগুণ বেশি ভোট পেয়ে বিজয়ী হন। আসনের সব কেন্দ্রেই তিনি জয় লাভ করেন।.

হলফনামা অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকা, যা তাকে নতুন মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন হিসেবে স্থান দিয়েছে।.

১৯৬৫ সালে কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তার বাবা এ কে এম আবু তাহের কুমিল্লা-৮ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালে তার মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য হন জাকারিয়া তাহের। ২০০৮ ও ২০১৮ সালে পরাজিত হলেও এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় পান।.

জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং পরে দলের জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার বাবা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন; বর্তমানে জাকারিয়া তাহের ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজেও বরুড়া এলাকায় তাহের পরিবার পরিচিত।.

 .

 . .

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ