• ঢাকা
  • শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

রুমিন ফারহানার প্রশ্ন: ‘প্রাথমিক পাস করেও কেন সঠিকভাবে রিডিং পড়তে পারে না শিক্ষার্থীরা?’


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫০ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চান, প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পরও কেন অনেক শিক্ষার্থী সঠিকভাবে ইংরেজি রিডিং পড়তে পারে না এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের একটি অংশ কেন শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলতে পারে না। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ম্যান্ডারিন বা জার্মান ভাষা শেখানোর আগে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় মৌলিক পড়া, লেখা ও বলার দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। তাঁর মতে, এই ভিত্তিগত দক্ষতা গড়ে তুলতে পারলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালোভাবে কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে। বক্তব্যে তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ, রাজস্ব আহরণ, ঋণনির্ভরতা এবং ব্যাংক খাতের দুর্বলতা নিয়েও প্রশ্ন তোলেন। বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করে উদাহরণ হিসেবে তিনি বলেন, একজন সংসদ সদস্যের মাসিক বেতন দিয়ে ঢাকায় প্রাসাদোপম বাড়ি নির্মাণ করা সম্ভব নয়; একইভাবে রাজস্ব আহরণের বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য না থাকলে বড় বাজেট বাস্তবায়নও কঠিন হয়ে পড়ে। তবে বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রুমিন ফারহানা বলেন, নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের ওপর উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার ফলে চাল, ডালসহ প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমতে পারে বলে তিনি আশা করছেন। তিনি উল্লেখ করেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর ৬ লাখ ৪ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত আদায় হয়েছে মাত্র ৩ লাখ ২৬ হাজার কোটি টাকার কিছু বেশি। এ কারণে বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ